ছবি: সংগৃহীত
সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগ ওঠেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) নগরীর ঘাসিটুলা লামাপাড়ার নির্যাতিত এক শিশুর মা সিলেট কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি সামনে আসে। এ ঘটনায় মতিউর রহমান নামে কাজিরবাজার মাদ্রাসার এক শিক্ষককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।
থানায় লিখিত অভিযোগে শিশুটির মা দাবি করেছেন, তার ১২ বছর বয়সি ছেলে সিলেট মহানগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীরবাজার মাদ্রাসায় শিক্ষার্থী। মাদ্রাসার শিক্ষক মতিউর রহমান গত এক মাস ধরে বিভিন্ন সময় শিশুটিকে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে শিশুটিকে তাঁর কক্ষে ডেকে নিয়ে পোশাক খুলে বলাৎকারের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে শিশুটির মা জানান, কয়েক মাস ধরে এমন ঘটনা ঘটলেও ভয়ে শিশুটি বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। নির্যাতিত হয়ে বা নির্যাতনের ভয়ে ছেলে বার বার মাদ্রাসা থেকে পালিয়ে আসতো। তাকে ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখানো হয়েছিল। তবে এবার পালিয়ে আসার পর সে তার মামাকে ঘটনা খুলে বলে।
নির্যাতিত শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শিশুটি জানায়, মাদ্রাসার একাধিক শিক্ষক তার বয়সি ছাত্রদের আদর বা শাসনের অজুহাতে নানানভাবে যৌন নির্যাতন চালাতেন। এজন্য অনেক শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে যেতে চায়।
অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) সাইফুল ইসলাম। তবে বিষয়টি প্রাথমিক অভিযোগের পর্যায়ে আছে, বিস্তারিত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে ইমজা নিউজকে জানান তিনি।