মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নারী উদ্যোক্তা মেলায় চাঁদা দাবির অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান মেলায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সামছুদ্দিন মিয়ার ছেলে ইমরান আহমেদ (২০) ও একই এলাকার বিলাল মিয়ার ছেলে মাসুম আহমদ (১৯)।
পুলিশ জানায়, রাতে মেলায় প্রবেশ করে তারা বিভিন্ন স্টলে গিয়ে নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দেয়। এ সময় সঙ্গে থাকা ওয়াকিটকি সেট ও আইডি কার্ড দেখানোর পাশাপাশি মোবাইল ফোনে সংরক্ষিত সেনাবাহিনীর পোশাক পরা ছবি প্রদর্শন করে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখায়।
একপর্যায়ে তারা বিভিন্ন স্টল মালিক ও ব্যবসায়ীর কাছে চাঁদা হিসেবে নগদ টাকা দাবি করে। টাকা না দিলে গ্রেফতার ও হয়রানির হুমকিও দেয় বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি সন্দেহজনক মনে হলে উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীরা তাদের আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমরান ও মাসুমকে হেফাজতে নেয়।
তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ একটি প্যান্ট ও টি-শার্ট, আইডি কার্ডের ছবি তিনটি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেনা পরিচয় দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের লিখিত অভিযোগে মামলা করা হয়েছে এবং পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।