সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া কিশোরের বয়স ১৭ বছর। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। মৃতের বয়স ১৭ বছর।
নতুন এই মৃত্যু নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জন। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ১৭২ জন এবং পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৭৩, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বিভাগে হাম শনাক্তের সংখ্যাও বেড়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জন। এর মধ্যে সিলেটে ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের সংখ্যার মধ্যে রুবেলায় আক্রান্ত দুজনও রয়েছেন।
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৭, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ভর্তি আছেন ৫৯৭ জন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯৮ এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৭ জন চিকিৎসাধীন।