প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬ ১৯:৩১ (শুক্রবার)
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল

জামিউল হাসান আরাফ।

শিশুশ্রম, বাল্যবিবাহ ও শিক্ষার অধিকার নিয়ে কাজ করে ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন সিলেটের শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা কিডসরাইটসের প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে রয়েছে তার নাম।

শিশুদের অধিকারবঞ্চনা, সামাজিক সংকট ও বিভিন্ন সমস্যা মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিকতাকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন জামিউল। শিশু সাংবাদিক হিসেবে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে তার একাধিক প্রতিবেদন ও লেখা প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে শিশু অধিকার, শিক্ষা, পরিবেশ, জলবায়ু ও স্থানীয় বিভিন্ন সমস্যার বিষয় উঠে এসেছে।

কিডসরাইটসের প্রকাশিত প্রোফাইলে বলা হয়েছে, বেড়ে ওঠার সময় সুবিধাবঞ্চিত শিশুদের নানা সমস্যা কাছ থেকে দেখেছেন জামিউল। শিশুশ্রম, বাল্যবিবাহ এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার মতো বিষয়গুলো তাকে শিশু অধিকার নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে। পরে এসব সমস্যা ও অধিকার লঙ্ঘনের ঘটনা মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন তিনি।

জামিউলের কাজের প্রধান ক্ষেত্র হিসেবে কিডসরাইটসের প্রোফাইলে শিশুশ্রম, বাল্যবিবাহ ও শিক্ষা উল্লেখ করা হয়েছে। প্রতিটি শিশুর শিক্ষা ও সুরক্ষার অধিকার নিশ্চিত করা এবং শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে সচেতনতা তৈরিকে তার কাজের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে।

শিশু সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন জামিউল। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি নানা কার্যক্রমে অংশ নিচ্ছেন। শিশু অধিকার ও সামাজিক সচেতনতা তৈরির ক্ষেত্রেও কাজ করছেন তিনি।

লেখালেখির মাধ্যমে শিশুদের বিভিন্ন সমস্যা ও অধিকারবঞ্চনার বিষয় তুলে ধরার পাশাপাশি সমাজে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছেন জামিউল। সুবিধাবঞ্চিত শিশুদের কথা সামনে আনা, শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা তার কাজের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিশ্বের বিভিন্ন দেশের শিশু ও তরুণদের শিশু অধিকার ও কল্যাণে কাজের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার একটি উদ্যোগ। ২০০৫ সাল থেকে এই পুরস্কারের মাধ্যমে শিশু অধিকার নিয়ে কাজ করা তরুণদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। বিভিন্ন দেশের তরুণ পরিবর্তনকর্মীরা এ পুরস্কারের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।

সিলেটের জামিউল হাসান আরাফের ২০২৬ সালের এই মনোনয়ন তার সাংবাদিকতা, সামাজিক কর্মকাণ্ড এবং শিশু অধিকার নিয়ে কাজকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে। শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও লেখালেখি ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কাজ করে যেতে চান তিনি।