প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬ ২১:৩২ (শুক্রবার)
মালয়েশিয়ায় প্রবাসীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ ফি নির্ধারণ

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন (মেম্বারশিপ) ও জীবন বীমা ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত ফি অনুযায়ী সদস্যপদ ও জীবন বীমার জন্য দিতে হবে ৬ হাজার ৫০০ টাকা। মালয়েশিয়ার মুদ্রায় এ ফি ২২০ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার হাইকমিশনের ফেসবুক পেজে এক নোটিশে এ তথ্য জানানো হয়।

প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য কল্যাণমূলক সেবার পরিধি বৃদ্ধি এবং বর্তমান মুদ্রামান ও বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করে এ ফি পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীরা সশরীরে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের লেবার উইংয়ের সহযোগিতায় অথবা অনলাইনে আবেদন করে সদস্যপদ নিবন্ধন করতে পারবেন।

সশরীরে নিবন্ধনের ক্ষেত্রে নির্ধারিত ২২০ রিঙ্গিত বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়ার ব্যাংক হিসাবে জমা দিতে হবে। এরপর টাকা জমার রশিদ, মেয়াদসহ পাসপোর্টের কপি এবং ভিসার কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

নির্ধারিত ব্যাংক হিসাবের তথ্য অনুযায়ী, হিসাবের নাম বাংলাদেশ হাইকমিশন, হিসাব নম্বর ৫৬৪৪২৭১০১৭৪৮ এবং ব্যাংকের নাম মেব্যাংক।

এদিকে অনলাইনে সদস্যপদ নিবন্ধনের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নির্ধারিত পোর্টালে আবেদন করা যাবে। প্রবাসী কর্মীদের জন্য সদস্যপদ গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট কল্যাণমূলক সেবা ও জীবন বীমা সুবিধার আওতায় আসার সুযোগ রয়েছে।

সদস্যপদ নিবন্ধনসংক্রান্ত তথ্য বা সহযোগিতার জন্য বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের +৬০১৪৭২১৮৯২৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
 

অনলাইন আবেদন: portal.wewb.gov.bd