ছবি: সংগৃহীত
সিলেটে শব্দ ও বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে ১৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায় পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা অনুযায়ী আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন প্রসিকিউশন পরিচালনা করেন। অভিযানে এসআরবি-৯-এর সদস্যসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা সহযোগিতা করেন।
এদিকে পরিবেশ দূষণের অভিযোগে এনফোর্সমেন্ট কার্যক্রমের আওতায় একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোতে শব্দদূষণকারী যানবাহন এবং অবৈধভাবে উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধেও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।