সিলেটের দক্ষিণ সুরমায় চেকপোস্ট বসিয়ে ট্রাক তল্লাশি চালিয়ে মাদকসহ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআরবি-৯, সিপিএসসি, সিলেট জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার তেতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এর আগে রাত দেড়টার দিকে তথ্য পাওয়া যায়, সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ এলাকা থেকে একটি ট্রাকে করে মাদক সিলেট সদরের দিকে নেওয়া হচ্ছে।
চেকপোস্টে একটি ট্রাক থামানো হলে তাতে থাকা চারজন পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে আটক করা হলেও বাকি দুইজন পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যে ট্রাকের চালকের আসনের পেছনে বিশেষভাবে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৯৩ বোতল ভারতীয় ঊঝকঁভ ও ৭৫ বোতল ঋঅওজউণখ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার কচুয়া এলাকার মৃত আব্দুল নুরের ছেলে মোঃ রিপন আহমদ (৩১) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গাছগোড়া এলাকার মোঃ রাশেদের ছেলে মোঃ জাহিদ (২২)।
এসআরবি জানায়, গ্রেফতারকৃতরা পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে সীমান্ত এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।