প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬ ০০:৪৭ (শুক্রবার)
সিলেটসহ সারাদেশে প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন পেছালো

সিলেটসহ সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নবনিযুক্তদের পদায়ন পিছিয়ে ১১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। আগে ৪ অক্টোবর পদায়নের কথা ছিল।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক আদেশে জানায়, নবনিযুক্ত শিক্ষকগণের পদায়ন আদেশের তারিখ ৪ অক্টোবরের পরিবর্তে ১১ অক্টোবর নির্ধারণের নির্দেশনা পাওয়া গেছে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

একইসঙ্গে গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) যোগদান করা শিক্ষকদের জন্য ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তর জানায়, আদেশের কপি তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় পাঠানো হয়েছে।

তথ্যমতে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। গত ৮ ফেব্রুয়ারি ফল প্রকাশের পর যাচাই-বাছাই শেষে ২৪ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। তাদের ১ অক্টোবরের মধ্যে যোগদান সম্পন্ন করার নির্দেশনা ছিল।

এর আগে বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যে কমিটির সভার মাধ্যমে পদায়নের বিষয়টি নিশ্চিত করার কথা রয়েছে।