ছবি: সংগৃহীত
হলুদ-সবুজের ঢেউ যেন আবারও ছুঁয়ে গেল কলকাতার আকাশ। ফুটবলের রাজা পেলের স্মৃতি বুকে নিয়ে, অস্ট্রেলিয়া মিশন শেষে এবার ভারতের মাটিতে পা রাখল ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিকদের নিয়ে কার্লো আনচেলোত্তির দল পৌঁছে গেছে কলকাতায়। আগামী শনিবার ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত প্রদর্শনী ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বিশেষ বিমানে কলকাতায় এসে পৌঁছায় ব্রাজিল ফুটবল দল। ভিনিসিয়ুসদের এক ঝলক দেখার আশায় বাইরে অপেক্ষায় ছিলেন ব্রাজিল ভক্তরা, কিন্তু নিরাপত্তার কারণে তাঁদের কাছাকাছি যেতে দেওয়া হয়নি।
ভারতের ফুটবলপাগল মানুষের উচ্ছ্বাস চোখের সামনে দেখার সুযোগ খুব একটা মেলেনি ভিনিসিয়ুসদের। তবে হোটেলে পৌঁছানোর পর বদলে যায় দৃশ্যপট।
সেখানে ব্রাজিল দলকে স্বাগত জানানোর আয়োজন ছিল। ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরেই ছিল সমর্থকদের বাড়তি আগ্রহ। বারবার শোনা যায়; ‘ভিনি, ভিনি’ ধ্বনি। আর কোচ কার্লো আনচেলোত্তিকে উত্তরীয় পরিয়ে জানানো হয় উষ্ণ অভ্যর্থনা।
কলকাতায় পৌঁছে কয়েক ঘণ্টার বিশ্রামের পরই ব্যস্ত হয়ে পড়বে ব্রাজিল দল। শুক্রবার সকাল সাড়ে ১১টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন কোচ আনচেলোত্তি। তাঁর সঙ্গে থাকবেন দলের একজন ফুটবলার।
এরপর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল মাঠে অনুশীলন করবে ব্রাজিল।
অনুশীলন শেষে সরাসরি হোটেলে ফিরবে দল। ম্যাচের আগের দিন আর কোনো কর্মসূচি রাখা হয়নি। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি আর নিজেদের ছন্দে ফেরার কাজেই মনোযোগ দেবেন ভিনিসিয়ুসরা।
কলকাতায় পা রাখার আগেই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সেই বার্তায় ফিরে এসেছে প্রায় পাঁচ দশক আগের এক কিংবদন্তি অধ্যায়; পেলের কলকাতা সফর।
১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর ফুটবলের রাজা পেলে এসেছিলেন কলকাতায়। নিউইয়র্ক কসমসের জার্সি গায়ে ফুটবলজীবনের শেষ অধ্যায়ে থাকা পেলে সেদিন ভারতের মাঠে নেমেছিলেন।
পেলের আগমনকে ঘিরে সেবার কলকাতায় তৈরি হয়েছিল অভূতপূর্ব উন্মাদনা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। এরপর ঐতিহ্যবাহী মোহনবাগানের বিপক্ষে ম্যাচে ইডেন গার্ডেন্স পরিণত হয়েছিল জনসমুদ্রে।
ম্যাচটি শেষ হয়েছিল ২-২ গোলে। পেলে খেলেছিলেন ৩০ মিনিট। তাঁর পাশে ছিলেন ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য কার্লোস আলবের্তো তোরেস।
ব্রাজিলের সামাজিক যোগাযোগমাধ্যমের সেই বার্তায় যেন অতীত আর বর্তমানের মধ্যে তৈরি হয়েছে এক অদৃশ্য সেতু। প্রায় ৫০ বছর আগে যে শহর পেলের জাদু দেখেছিল, সেই শহরেই এবার পা রাখলেন ব্রাজিলের নতুন প্রজন্মের তারকারা। পেলের সেই ঐতিহাসিক সফরের স্মৃতি আজও কলকাতার ফুটবলকথার অবিচ্ছেদ্য অংশ।
এবার সেই শহরেই ভিনিসিয়ুস-এনদ্রিকদের আগমন। অস্ট্রেলিয়ার মিশন শেষ করে ভারত সফরে আসা ব্রাজিল শনিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে।
পাঁচ দশক আগে ইডেন গার্ডেন্সে পায়ের ছাপ রেখে গিয়েছিলেন পেলে। এবার নতুন প্রজন্মের ব্রাজিলিয়ান তারকারা কী গল্প লেখেন, সেটিই দেখার অপেক্ষা।