প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬ ১৮:৩৬ (শনিবার)
পাহাড়িকা এক্সপ্রেস উদ্ধারে পাঠানো উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি ঢালে ইঞ্জিনের হুক ছিঁড়ে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে পাঠানো উদ্ধারকারী ট্রেনের একটি চাকাও আখাউড়ায় লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের এবং আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথের একাংশে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ স্টেশন ত্যাগ করে। লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি ঢাল বেয়ে ওঠার সময় অতিরিক্ত টানে ট্রেনটির ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। এতে পেছনের সাতটি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিনটি অবশ্য সামনে এগিয়ে যায়।

এ ঘটনায় সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক এ ঘটনায় ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের কারিগরি দল ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় যুক্ত করে রেললাইন সচল করার কাজ শুরু করেছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই মেরামতকাজ শুরু করা হয়েছে। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে পাহাড়িকা এক্সপ্রেস উদ্ধারে পাঠানো উদ্ধারকারী ট্রেনটিও দুর্ঘটনায় পড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উদ্ধারকারী ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়।

আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেলে স্টেশনের ইয়ার্ড থেকে বের হওয়ার সময় উদ্ধারকারী ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, লাইনচ্যুত অংশটি দ্রুত উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

একই দিনে পৃথক দুই ঘটনায় গুরুত্বপূর্ণ দুই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।