ছবি: ইমজা নিউজ
নবীন-প্রবীণ চিত্রশিল্পীদের মিলনমেলায় পরিণত হয়েছে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি। ৩২০ জন নবীন ও তরুণ শিল্পীর ৪৫০টি চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, হবিগঞ্জের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
উৎসবের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। পরে ফিতা কেটে আর্ট গ্যালারির উদ্বোধন করেন তিনি। এ সময় প্রদর্শিত বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন জেলা প্রশাসক।
প্রদর্শনীতে স্থান পাওয়া ৪৫০টি চিত্রকর্মে ফুটে উঠেছে হবিগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি দেশাত্মবোধ, জুলাই বিপ্লব, প্রকৃতি, পর্যটন ও জনজীবনের নানা অনুষঙ্গ। নবীন ও তরুণ শিল্পীদের তুলিতে এসব বিষয় পেয়েছে ভিন্ন ভিন্ন শিল্পরূপ।
উদ্বোধনের পর থেকেই নবীন-প্রবীণ চারুশিল্পী, শিল্পপ্রেমী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।
আয়োজকেরা জানান, ৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
উৎসবের অংশ হিসেবে ২ ও ৩ অক্টোবর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। একই দিন সন্ধ্যা ৬টায় থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ ছাড়া দুই দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চারুকলা বিষয়ক কর্মশালা।
কর্মশালায় প্রশিক্ষণ দেবেন বিশিষ্ট চিত্রশিল্পী ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র আর্টিস্ট অভিজিৎ চৌধুরী।
এদিকে ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ‘রং তুলিতে হবিগঞ্জের প্রকৃতি ও পর্যটন’ শীর্ষক দিনব্যাপী আর্টক্যাম্পের উদ্বোধন করা হবে। এতে হবিগঞ্জের ২৪ জন গুণী চারুশিল্পী অংশ নেবেন।
একই দিন অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকেরা বলছেন, এ আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জের নবীন ও প্রবীণ শিল্পীদের মধ্যে সৃজনশীল যোগাযোগ আরও জোরদার হবে। পাশাপাশি স্থানীয় শিল্প-সংস্কৃতির বিকাশেও এ আয়োজন নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন তারা।