ছবি: সংগৃহীত
উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন গ্রহণ করতে ঢাকায় আসছে রোমানিয়ার ভ্রাম্যমাণ কনস্যুলার মিশন। আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সেবা দেবে রোমানিয়ার দূতাবাসের টিম।
শুক্রবার (২ অক্টোবর) ভারতের দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে প্রাথমিকভাবে স্টাডি ভিসার আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার বিষয়েও সহায়তা দেওয়া হবে।
তবে শুধু রোমানিয়ার অফিসিয়াল ইভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়া আবেদনকারীদের ভিসা আবেদন গ্রহণ করা হবে। যাদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন নেই, তারা এই কনস্যুলার মিশনের সময়ে আবেদন জমা দিতে পারবেন না।
আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন ভালোভাবে যাচাই করার পাশাপাশি নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার আগে প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।