প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬ ২০:২৫ (শনিবার)
মৌলভীবাজারের চা বাগানে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে মিরন দাস পানইকা (৬০) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রী গোবিন্দপুর চা বাগানের শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মিরন দাস পানইকা শ্রী গোবিন্দপুর চা বাগানের বাসিন্দা। তিনি গরু রাখালের কাজ করতেন। পরিবারের সদস্যদের ভাষ্য, আজ দুপুরে গরু চরাতে বাগানের শ্মশানঘাট এলাকায় গেলে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মিরন দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন। তিনি বলেন, বজ্রপাতে ওই ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি প্রত্যক্ষ করে।

মিরন দাসের স্ত্রী লছমিনি পাইকা (৫৫)। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলেরা হলেন ভীম পানিকা (২৫) ও ইমন পানিকা (২২)। মেয়ে রেখা পাইকা (৩০)।

পরিবারের সদস্যরা জানান, আগামীকাল শনিবার দুপুরে শ্রী গোবিন্দপুর চা বাগানের শ্মশানঘাটে মিরন দাসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।