প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬ ২১:০১ (শনিবার)
সিলেটে বৃষ্টির আভাস, দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত শ্রীমঙ্গলে

ছবি: ইমজা নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এ সময়ে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।   

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।