প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬ ১৭:১০ (রবিবার)
সিলেটে এসআরবির হাতে ধরা ২ জন: ফোনে মিললো যে আলামত

সিলেট নগরীর কদমতলী বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্টসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ অক্টোবর বিকালে পৃথক দুটি অভিযান চালানো হয়। এর মধ্যে বিকাল ৫টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে নিমাদল এলাকার মৃত সাথীর আলীর ছেলে আহমদ করিম (৩০)-কে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকায় অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্ট হিসেবে কাজ করতেন।

তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৭৫ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি প্রায় দেড় বছর ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। স্থানীয় খেলোয়াড়দের কাছ থেকে টাকা ও টোকেন সংগ্রহ করে চক্রের অন্য সদস্যদের কাছে পাঠাতেন এবং জুয়ার ফলাফলের ভিত্তিতে লেনদেন সমন্বয় করতেন। এভাবে তিনি দৈনিক প্রায় ৫০০ থেকে ১ হাজার টাকা আয় করতেন।

এর আগে একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার ভার্তখলা এলাকায় নতুন রেলওয়ে স্টেশনের পাশে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করা হয়। তিনি হলেন- ভার্তখলা এলাকার ফরিদ মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৮)। তার কাছ থেকেও একটি মোবাইলফোন ফোন জব্দ করা হয়।

এসআরবি জানায়, জব্দকৃত মোবাইল ফোন পর্যালোচনায় অনলাইন জুয়া পরিচালনা ও লেনদেনের বিভিন্ন আলামত পাওয়া গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।