ছবি: সংগৃহীত
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন ও তা চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাছিত।
তিনি বলেছেন, ভালো ফলাফলের মাধ্যমে সফলতার শীর্ষে পৌঁছানো সম্ভব হলেও নৈতিক শিক্ষা ছাড়া একজন আদর্শ মানুষ হওয়া সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের চরিত্র গঠনের প্রতিও সর্বোচ্চ যত্নশীল হতে হবে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া তাজপুর ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল বাছিত বলেন, শিক্ষাজীবন শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়; এই সময়েই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন ও ব্যক্তিত্বের ভিত্তি তৈরি হয়। তাই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে।
তিনি আরও বলেন, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লক্ষ্য নির্ধারণের পাশাপাশি সেই লক্ষ্যে পৌঁছাতে নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার ও আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে। নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থীরাই ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তালামীযে ইসলামিয়া তাজপুর ডিগ্রি কলেজ শাখার সভাপতি সুবেল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশফাক আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম চয়ন, এমসি কলেজ শাখার সাবেক সহ-সভাপতি মাহফুজুর রহমান নোমান, সিলেট জেলা পশ্চিমের অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক জাকির হোসাইন এবং তাজপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য ইমাদ উদ্দিন লিলু।
অনুষ্ঠানে জাতীয় ছাত্র শক্তি ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তারা তাঁদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।