প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬ ২১:০৪ (রবিবার)
১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

ছবি: ইমজা নিউজ

সুনামগঞ্জ শহরের বনানীপাড়া এলাকায় একটি আবাসিক ভবনের কক্ষে প্রায় ১৪ ঘণ্টা আটকে থাকার পর পাঁচ ছাত্রীকে দরজা ভেঙে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। স্টিলের দরজার তালা অকেজো হয়ে যাওয়ায় শুক্রবার রাত ৯টা থেকে শনিবার বেলা পর্যন্ত তারা কক্ষটির ভেতরে আটকা ছিলেন।

শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বনানীপাড়া আবাসিক এলাকার একটি তিনতলা ভবনের তৃতীয় তলার কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পাঁচজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বনানীপাড়া আবাসিক এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য এবং কয়লা ব্যবসায়ী মো. সামছুল হকের ভবনের একটি কক্ষ ভাড়া নিয়ে চার ছাত্রী থাকতেন। তাদের মধ্যে দুজন কলেজছাত্রী এবং দুজন নার্সিংয়ে ভর্তিচ্ছু। শুক্রবার রাত ৯টার দিকে কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। এ সময় ওই চার ছাত্রীর সঙ্গে বাড়ির মালিকের কলেজপড়ুয়া মেয়েও কক্ষটির ভেতরে ছিলেন।

দরজার স্টিলের তালা অকেজো হয়ে যাওয়ায় কোনোভাবেই সেটি খোলা সম্ভব হচ্ছিল না। দীর্ঘ সময় চেষ্টা করেও দরজা খুলতে না পেরে শনিবার সকালে বাড়ির মালিক ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে সদর মডেল থানার ওসির উপস্থিতিতে কক্ষটির দরজা ভেঙে পাঁচ ছাত্রীকে বের করে আনা হয়।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক সুবল চন্দ্র দেবনাথ বলেন, ‘জরুরি ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। একটি কক্ষের ভেতরে পাঁচজন ছাত্রী আটকা ছিলেন। পরে সদর থানার ওসির উপস্থিতিতে দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়েছে। ছাত্রীরা সবাই সুস্থ আছেন।’

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, শনিবার বেলা ১১টার পর ফায়ার সার্ভিসের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কক্ষটির দরজা ভেঙে ভেতরে আটকা পড়া পাঁচ ছাত্রীকে উদ্ধার করেন।

ওসি জানান, বাড়ির মালিক ও আটকা পড়া ছাত্রীরা জানিয়েছেন, শুক্রবার রাত ৯টার পর থেকেই দরজাটি খোলা যাচ্ছিল না। তবে রাতেই পুলিশ বা ফায়ার সার্ভিসকে জানালে তাদের আরও আগেই উদ্ধার করা সম্ভব হতো।