প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬ ১৬:০৪ (সোমবার)
সুখবর দিলেন মন্ত্রী আরিফ: ১০ হাজার কর্মী নিচ্ছে যে দেশ

দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে কর্মী পাঠানোর আগে দেশটির চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ ও দক্ষতা নিশ্চিত করা হবে।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, দুই দেশের আলোচনার ভিত্তিতে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে ১০ হাজার কর্মী নেওয়ার কথা রয়েছে। এই প্রক্রিয়া শুরুর পর চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে আরও কর্মী পাঠানো হবে।

তিনি বলেন, অতীতে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ ছিল। এবার এসব হয়রানি বন্ধে সরকার গুরুত্ব দিচ্ছে। বোয়েসেলসহ অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানো হবে।

আরিফুল হক চৌধুরী জানান, মালয়েশিয়ার নিয়োগদাতারা বাংলাদেশে এসে তাদের প্রয়োজন অনুযায়ী কর্মী বাছাই করবেন। সে অনুযায়ী আগে থেকেই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে, যাতে কর্মীরা বিদেশে গিয়ে সমস্যায় না পড়েন।

তিনি আরও বলেন, এখনো শ্রমিকদের মেডিকেল পরীক্ষাসহ কিছু প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। মালয়েশিয়ার পক্ষ থেকে চাহিদা ও অন্যান্য বিষয় নিশ্চিত হওয়ার পর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে।

শ্রমমন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের পাশাপাশি দেশে কর্মসংস্থান বাড়াতেও সরকার কাজ করছে। চলতি বছরেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালু করা হবে। এর মাধ্যমে চাকরিপ্রার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা হবে।

এছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা আয়োজনের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং চলতি মাসের মধ্যেই মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।