প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬ ১৯:১১ (সোমবার)
উশুতে ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সম্মাননা

ছবি: সংগৃহীত

২০তম এশিয়ান গেমস-২০২৬-এ উশুতে ব্রোঞ্জ পদকজয়ী বাংলাদেশি ক্রীড়াবিদ জিন্নাত আক্তারকে সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জিন্নাত আক্তারকে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হক।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া িমন্ত্রনালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী।

এ সময় জিন্নাত আক্তারের এশিয়ান গেমসে সাফল্যের প্রশংসা করে তাঁকে অভিনন্দন জানানো হয়। দেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে পদক এনে দেওয়ায় তাঁর এই অর্জনকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের বলে উল্লেখ করা হয়।

২০তম এশিয়ান গেমসে উশুতে ব্রোঞ্জ পদক অর্জনের মধ্য দিয়ে দেশের ক্রীড়া অঙ্গনে নতুন সাফল্য যোগ করেছেন জিন্নাত আক্তার।