যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এশিয়ান গেমসে ক্রিকেটে এবারই প্রথম পদকহীন ফিরেছে বাংলাদেশ। পূর্ণ শক্তির দল নিয়ে ২০তম এশিয়ান গেমসে অংশ নিয়েও প্রায় দ্বিতীয় সারির পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে বিদায় নিতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। হতাশাজনক এই পারফরম্যান্সের কারণ খুঁজে বের করতে বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (৪ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল হক বলেন, ‘এশিয়ান গেমসে এবারের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক ছিল। ব্যর্থতার প্রকৃত কারণ অনুসন্ধান ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের জন্য ইতোমধ্যে একটি বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে।’
তিনি বলেন, সরকারের লক্ষ্য এখন শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, বরং পদকের জন্য সরাসরি লড়াই করা।
এবারের এশিয়ান গেমসে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশ অংশ নেওয়ায় ক্রিকেট থেকে একটি পদকের প্রত্যাশা ছিল দেশের ক্রীড়া সংশ্লিষ্টদের। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় বাংলাদেশ।
ভবিষ্যতে পদক জয়ের সম্ভাবনাময় ইভেন্টগুলোকে আরও গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘যেসব ইভেন্টে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে যথাযথ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।’
এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশের পুরুষ দল এর আগে প্রতিবারই পদক জিতেছিল। ২০১০ সালে প্রথমবার পুরুষ ক্রিকেটে অংশ নিয়ে আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জেতে বাংলাদেশ। এরপর ২০১৪ ও ২০২৩ সালের আসরে ব্রোঞ্জ পদক পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে এবারই প্রথম এশিয়ান গেমসের ক্রিকেট থেকে কোনো পদক ছাড়াই ফিরতে হলো বাংলাদেশকে। ফলে এবারের ব্যর্থতা নিয়ে ক্রিকেটের সামগ্রিক প্রস্তুতি, দল নির্বাচন ও পারফরম্যান্স ব্যবস্থাপনা নিয়ে মূল্যায়ন কমিটির প্রতিবেদনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনকে।