ছবি: সংগৃহীত
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এর মধ্যে সিলেট শিক্ষা বোর্ডে এবার বৃত্তি পেয়েছে ১ হাজার ১৬৪ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু হয়। পর্যায়ক্রমে বাকি তালিকাও প্রকাশ করা হবে বলে জানা গেছে।
সিলেট বোর্ডে বৃত্তিপ্রাপ্ত ১ হাজার ১৬৪ শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি পেয়েছে ১০৯ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১ হাজার ৫৫ জন।
এসএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের মধ্য থেকে সরকারি নীতিমালা ও নির্ধারিত কোটা অনুযায়ী বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়। মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি—এই দুই ধরনের বৃত্তি দেওয়া হয়।
মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৬০০ টাকা এবং বছরে এককালীন ৯০০ টাকা করে অনুদান পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩৫০ টাকা এবং বছর শেষে এককালীন ৪৫০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।
বৃত্তির মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত দুই বছর।
এদিকে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ৩৩ শতাংশ। এ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। উত্তীর্ণদের মধ্যে ছেলে ১৯ হাজার ৮৮৯ জন এবং মেয়ে ৩২ হাজার ৬৮ জন।
এবার সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৩ হাজার ৬১৪ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২২২ জন।