প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬ ২২:২৩ (সোমবার)
শ্রীমঙ্গলে কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে কর্মশালা

ছবি: ইমজা নিউজ

কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১০টি উচ্চবিদ্যালয়ের ১০০ জন ছাত্রী অংশ নেয়।

রোববার (৪ অক্টোবর) সকালে ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের উদ্যোগে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বয়ঃসন্ধিকালে কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, পুষ্টি এবং নারীদের স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মশালা শেষে প্রত্যেক শিক্ষার্থীর হাতে সনদপত্র, কলম ও নোটবুক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন। কর্মশালার উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের প্রাক্তন সভাপতি রিতা দত্ত, রহিমা বেগম, আরতী বালা পাল ও দিল আফরোজ বেগম।

এ ছাড়া ক্লাবের কোষাধ্যক্ষ তানিয়া রায়, আইএসও সোমা দেব চৌধুরী ও সম্পাদক (এডিটর) রুবানা হলি উপস্থিত ছিলেন।

ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের ২০২৬–২৭ বর্ষের সভাপতি ইন্দিরা আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সহ-সভাপতি শামসুন্নাহার খান বৃষ্টি।

অনুষ্ঠানে বক্তব্য দেন মো. কামাল উদ্দিন ও ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি ডা. পুষ্পিতা খাস্তগীর।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সাইকোলজিস্ট আরমিন বেগম এবং শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রোকশানা ওয়াহিদ রাহী।

আয়োজকেরা জানান, বয়ঃসন্ধিকালে কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এবং স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানোই কর্মশালাটির মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন কিশোরীদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করার পাশাপাশি প্রয়োজনের সময় সঠিক পরামর্শ ও চিকিৎসাসেবা নিতে সহায়তা করবে।