প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬ ১২:২৯ (মঙ্গলবার)
সিলেটে পুলিশ দেখে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা: ধরা ২ জন

সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালী মডেল থানার অধীন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির একটি দল চালিবন্দর পয়েন্টে চেকপোস্ট পরিচালনার সময় এ অভিযান চালায়।

পুলিশ জানায়, মেন্দিবাগ থেকে সোবহানীঘাটগামী একটি মোটরসাইকেল থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সোবহানীঘাট এলাকায় হাজী ফার্মেসির সামনে সেটি আটক করা হয়। পরে মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে একটি কালো ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো দুইটি পুটলায় রাখা ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় লাল-কালো রঙের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি এলাকার মৃত আব্দুর রউফের ছেলে সুমন মিয়া (২৬) এবং দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকার মৃত আমজাদ হোসেন বিশ্বাসের ছেলে আহসান হাবিব (৫২)।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।