প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬ ১৫:০২ (মঙ্গলবার)
সব নাগরিকের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) তিনি বলেন, উন্নত দেশের তুলনায় বাংলাদেশের মতো দেশে সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা কঠিন হলেও সরকার এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, শহরের সব মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি। সর্বজনীন বাসস্থান নিশ্চিতের পাশাপাশি টেকসই নগরায়ণেও গুরুত্ব দিচ্ছে সরকার।

তিনি বলেন, শহরাঞ্চলে বাড়তে থাকা জনসংখ্যার চাপ কমাতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজধানী ঢাকা ও অন্যান্য শহরের সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার পাশাপাশি গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে শহরমুখী মানুষের চাপ কমানো সম্ভব হবে বলে মনে করে সরকার।

শহরের বাইরে দেশের প্রতিটি অঞ্চলকে জাতীয় উন্নয়নের ধারায় আনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে রাজধানীর আশপাশে একটি সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে সকালে অনুষ্ঠান শুরু হয়। এর আগে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।