প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬ ২০:২৭ (মঙ্গলবার)
সৌদি আরবে হুথিদের ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

মো. সজিব হোসেন

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইসায় হুথিদের চালানো ড্রোন হামলায় মো. সজিব হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে।

নিহত সজিব হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। হুথিদের ড্রোন হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে ঢাকা। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহত সজিব হোসেনের পরিবার ও তাঁর নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে।

সজিবের মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন এবং দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।