ছবি: সংগৃহীত
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে মৌলভীবাজারের বড়লেখায় হিন্দু ধর্মাবলম্বী ও সংশ্লিষ্টদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা ৫ মিনিট পর্যন্ত বড়লেখা থানার আয়োজনে জেলা অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মনিরুজ্জামান খান।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোস্তাফিজুর রহমান।
সভায় বড়লেখা উপজেলার ১৩৫টি পূজামণ্ডপের সভাপতি- সাধারণ সম্পাদক, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকসহ উপজেলার হিন্দু ধর্মাবলম্বীগণ অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের নিরাপত্তা, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।