প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬ ১০:৫১ (বুধবার)
তিন বছর শিক্ষার্থী ভর্তি নেই, ৮৬ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের উদ্যোগ

ছবি: সংগৃহীত

টানা তিন বছর কোনো শিক্ষার্থী ভর্তি না হওয়ায় দেশের ৮৬টি বেসরকারি ডিপ্লোমা পর্যায়ের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন ও স্বীকৃতি বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের মধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান রয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সংশ্লিষ্ট ৮৬টি প্রতিষ্ঠানকে শোকজ বা তাগিদপত্র দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। আগামী ১৬ অক্টোবরের মধ্যে কেন তাদের পাঠদান অনুমোদন বা স্বীকৃতি বাতিল করা হবে না, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর পাঠদান অনুমোদন চূড়ান্তভাবে বাতিল করা হবে বলে তাগিদপত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি এম আমিনুল ইসলাম তাগিদপত্রে স্বাক্ষর করেছেন।

চিঠিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের নীতিমালার ৪.৪ অনুচ্ছেদ অনুযায়ী বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে নির্ধারিত অবকাঠামো, ফলাফল, শিক্ষক-কর্মচারী নিয়োগসহ বিভিন্ন শর্ত পূরণ করতে হয়। এসব শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের এখতিয়ার বোর্ডের রয়েছে।

তাগিদপত্রে আরও উল্লেখ করা হয়, অনুমোদনের শর্ত অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না হলে সেই প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল করার বিধান রয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের সংযুক্ত তালিকায় দেখা গেছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরসহ দেশের বিভিন্ন জেলার ৮৬টি বেসরকারি পলিটেকনিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তালিকাভুক্ত কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করলেও সাম্প্রতিক বছরগুলোতে সেখানে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি।

বোর্ড সূত্র জানিয়েছে, শিক্ষার্থী সংকটের কারণে এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। বছরের পর বছর নতুন শিক্ষার্থী ভর্তি না হওয়ায় নীতিমালায় নির্ধারিত শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।