ছবি: সংগৃহীত
সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় সব হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রাজধানীর হাসপাতালগুলোকে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।
এ ছাড়া, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছু রোগীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
গেলো রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের ডেঙ্গু পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভা শেষে পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন। এ সময় ডেঙ্গুতে মারা গেছেন ২৮১ জন। মৃতদের মধ্যে পুরুষ ১৩২ জন এবং নারী ১৪৫ জন। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৩ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৭ শতাংশ।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট বিভাগে ২ জনের। এ ছাড়া ঢাকা বিভাগে- ১২৭, বরিশাল বিভাগে ২৪ জন, চট্টগ্রামে ২৫ জন, খুলনায় ৫৫ জন, ময়মনসিংহে ২৩ জন, রাজশাহীতে ১৯ জন এবং রংপুরে ৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা. নুরুল ইসলাম বাসসকে বলেন, সভায় হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছু রোগী জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ঢাকা মেডিকেল চত্বরে স্থাপিত ফিল্ড হাসপাতালটিও চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, সংকটের সময় সরকারি হাসপাতাল কোনো রোগীকে ফিরিয়ে দেয় না। তবে রোগীর চাপ শয্যা সক্ষমতার চেয়ে বেড়ে গেলে রোগীদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। সেই ভোগান্তি কমাতে ঢাকার বাইরের হাসপাতালগুলোতেও প্রস্তুতি নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।