সিলেট মহানগর পুলিশের বিশেষ অভিযানে ৬১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৮ জনকে আটক করা হয়েছে কোতোয়ালি মডেল থানা এলাকায়।
কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টা থেকে বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১২টা পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে সিলেট মহানগর পুলিশ।
পুলিশ জানায়, অভিযানে মহানগরের বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৬১ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আটক ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানা এলাকায় ১৮, শাহপরাণ (রহ.) থানায় ১২, এয়ারপোর্ট থানায় ১১, দক্ষিণ সুরমা থানায় ৮, জালালাবাদ থানায় ৭ এবং মোগলাবাজার থানায় ৫ জন রয়েছেন।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।