প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬ ২০:০৮ (বৃহস্পতিবার)
সিআইএফএফটির এশিয়া অঞ্চলের রাষ্ট্রদূত বাংলাদেশের ডাল্টন জহির

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পর্যটন ও মিডিয়া অঙ্গনে নতুন সাফল্য পেয়েছে বাংলাদেশ। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজমের অ্যাফিলিয়েট সদস্য ইন্টারন্যাশনাল কমিটি অব ট্যুরিজম ফিল্ম ফেস্টিভ্যালসের (সিআইএফএফটি) এশিয়া অঞ্চলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের মোহাম্মদ জহিরুল ইসলাম, যিনি ডাল্টন জহির নামে পরিচিত।
অস্ট্রিয়ার ভিয়েনায় মঙ্গলবার (৬ অক্টোবর) সিআইএফএফটি আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের ঘোষণা দেয়।

এই নিয়োগের মাধ্যমে এশিয়ার পর্যটন উন্নয়ন, পর্যটনভিত্তিক অডিওভিজ্যুয়াল কনটেন্ট এবং আন্তর্জাতিক পর্যটন চলচ্চিত্র প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হয়েছে। এশিয়া অঞ্চলে সিআইএফএফটি এবং বিশ্ব পর্যটন চলচ্চিত্র পুরস্কারের কার্যক্রমে সমন্বয়কের দায়িত্বও পালন করবেন ডাল্টন জহির।

সিআইএফএফটির এশিয়া রাষ্ট্রদূত হিসেবে তিনি এশিয়ার বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, সরকারি প্রতিষ্ঠান, অডিওভিজ্যুয়াল প্রোডাকশন হাউস, ক্রিয়েটিভ এজেন্সি ও গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত যোগাযোগ ও সহযোগিতা গড়ে তুলবেন। পাশাপাশি বিভিন্ন দেশের পর্যটনকেন্দ্র, পণ্য ও সেবার প্রচারমূলক ভিডিও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সহায়তা করবেন।

সিআইএফএফটির পরিচালক আলেকজান্ডার ভি. কামেল বলেন, ডাল্টন জহিরের নিয়োগ এশিয়া অঞ্চলে সিআইএফএফটির উপস্থিতি আরও শক্তিশালী করবে। একই সঙ্গে পর্যটন প্রচারণায় কাজ করা পেশাজীবী ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

ডাল্টন জহির পর্যটন, আতিথেয়তা, মিডিয়া ও বহুজাতিক করপোরেট খাতে ২৫ বছরের বেশি সময় ধরে কাজ করছেন। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পর্যটন প্রচারে তিনি ‘বিউটিফুল বাংলাদেশ’ ধারণাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার কাজ করছেন।

তিনি ট্রাভেলারকি, ইউরোপকি, ট্রাভেলারটাইমস ও ওয়েলকাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি ট্যুরিজম ডেভেলপারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক, ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি ফিলিপাইনের সভাপতি এবং স্ক্যাল ইন্টারন্যাশনাল আর্জেন্টিনার গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।

হসপিটালিটি খাতেও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ব্র্যাক সার্ভিসেস লিমিটেডের ব্র্যাক হোটেল গ্রুপে গ্রুপ হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রোজ ভিউ হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, ওশান প্যারাসুট ও লেকশোর হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাহী পর্যায়ে কাজ করেছেন। এছাড়া মটোরোলা, অ্যাপল, ফিলিপস ও ফুজিফিল্মের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

লেখক হিসেবেও ডাল্টন জহিরের পাঁচটি প্রকাশিত বই রয়েছে। পর্যটন ও করপোরেট খাতের পাশাপাশি সাহিত্য, কবিতা ও সমসাময়িক বিষয় নিয়েও তিনি লেখালেখি করেন।
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত সিআইএফএফটি বিশ্বের গুরুত্বপূর্ণ পর্যটন চলচ্চিত্র উৎসবগুলোকে একটি আন্তর্জাতিক সার্কিটের আওতায় নিয়ে কাজ করে। বিভিন্ন উৎসবে অর্জিত পয়েন্টের ভিত্তিতে প্রতিবছর বিশ্বের সেরা পর্যটন চলচ্চিত্র নির্বাচন করা হয় এবং দেওয়া হয় ‘ওয়ার্ল্ড ট্যুরিজম ফিল্ম অ্যাওয়ার্ডস’।

সিআইএফএফটি সার্কিটের প্রতিযোগিতায় নগর পর্যটন, আঞ্চলিক পর্যটন, জাতীয় পর্যটন, পর্যটন পণ্য ও পর্যটন সেবা- এই পাঁচটি প্রধান বিভাগে চলচ্চিত্র ও অডিওভিজ্যুয়াল কনটেন্ট প্রতিযোগিতা করে।

ডাল্টন জহিরের এই নিয়োগকে বাংলাদেশের পর্যটন প্রচার, আন্তর্জাতিক ভিজ্যুয়াল ব্র্যান্ডিং এবং এশিয়ার পর্যটন অঙ্গনে দেশের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।