প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬ ২২:৩৯ (বৃহস্পতিবার)
দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হাতাহাতি

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুর জামান মীর লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমানের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে বক্তব্য দিচ্ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। একপর্যায়ে তিনি বলেন, ‘দেশে জামায়াতে ইসলামী অস্থিরতা সৃষ্টি করছে।’

এ বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানান উপজেলা জামায়াতের আমির নুর জামান মীর। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এ সময় সভায় উপস্থিত পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। প্রায় ১০ মিনিট হট্টগোল চলার পর পরিস্থিতি শান্ত হয়। ঘটনার পর প্রস্তুতি সভা কিছু সময়ের জন্য স্থগিত করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে সভা আবার শুরু হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ‘আমি রাজনৈতিক প্রেক্ষাপটে বক্তব্য দিয়েছি।’

অন্যদিকে উপজেলা জামায়াতের আমির নুর জামান মীর বলেন, ‘প্রশাসনিক সভায় রাজনৈতিকভাবে আমাকে হেয় এবং লাঞ্ছিত করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান বলেন, ভুল বোঝাবুঝি থেকেই দুই পক্ষের মধ্যে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সহনশীল থাকার আহ্বান জানান তিনি।

সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।