ছবি: সংগৃহীত
ক্রিকেট বল ইজিবাইকের কাচে পড়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের তাহিরপুরে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের একদিন পর আবারও উত্তেজনা ছড়িয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে ফের সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তার আশ্বাসে উভয় পক্ষ ঘটনাস্থল থেকে সরে যায়।
এর আগে বুধবার (৭ অক্টোবর) দুপুরে ইজিবাইকের কাচে ক্রিকেট বল পড়াকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবারের সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে দুই পক্ষের লোকজন আবারও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নেন। খবর পেয়ে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি উত্তেজিত তরুণ-যুবকদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। পরে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে উভয় পক্ষ সেখান থেকে চলে যায়।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, ‘আরেক দফা সংঘর্ষের খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। আজ আবার লোকজন মারামারির প্রস্তুতি নিয়েছিল। আমি ঘটনাস্থলে গিয়ে সবার সঙ্গে কথা বলেছি। সবাই এখন শান্ত আছে।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী বলেন, ক্রিকেট খেলার বল অটোরিকশায় পড়ার ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত। মসজিদে মাইকিংয়ের পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন ছিল। ঘটনার সময় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে।
তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।