প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬ ১৮:১৬ (শনিবার)
ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনই চাঁদপুরের

ছবি: সংগৃহীত

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত দুজনই চাঁদপুর জেলার বাসিন্দা। শুক্রবার সকালে উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-ছ ৭১-২৯৪৯) সঙ্গে সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১৯-৫০৫৩) এবং শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার (সুনামগঞ্জ-থ ১১-৪৮৪৪) ত্রিমুখী সংঘর্ষ হয়।

এতে হাইয়েস মাইক্রোবাসের যাত্রী চাঁদপুর জেলার সদর উপজেলার মহামায়া গ্রামের সুহেল আহমদ (৪৭) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা খায়রুল ইসলামকে (৪৭) মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।