প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬ ১৪:৪৮ (বৃহস্পতিবার)
সিলেটে মহালয়ার আয়োজন দেখে অভিভূত ভারতীয় সহকারী হাইকমিশনার

ছবি: সংগৃহীত

সিলেটে মহালয়া উদযাপন পরিষদের আয়োজনে তিন দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি দেখে অভিভূত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। তিনি বলেছেন, সিলেটে মহালয়া উদযাপনকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠান দেখে সমগ্র সিলেট সম্পর্কে তাঁর মনে একটি সুন্দর ধারণা তৈরি হয়েছে। এমন আয়োজন কলকাতাতেও দেখার সুযোগ হয়নি বলে জানান তিনি।

মহালয়া উদযাপনের তৃতীয় দিনে সকাল ১০টায় আয়োজিত নৃত্য প্রতিযোগিতা পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস।

তিনি বলেন, মহালয়াকে কেন্দ্র করে সিলেটের মহালয়া উদযাপন পরিষদ তিন দিনব্যাপী ধর্মীয় ভাবধারাকে সমুন্নত রেখে যেসব কর্মসূচি হাতে নিয়েছে, তা দেখে তিনি সত্যিই অভিভূত। সিলেটে এ ধরনের আয়োজন হচ্ছে দেখে তাঁর কাছে পুরো সিলেট সম্পর্কে একটি সুন্দর ধারণা তৈরি হয়েছে।

এমন সুন্দর আয়োজনের জন্য মহালয়া উদযাপন পরিষদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনিরুদ্ধ দাস। একই সঙ্গে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য মহামায়ার কাছে প্রার্থনা করেন তিনি।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মহালয়া উদযাপনের এ কর্মসূচি সিলেটের সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।