প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬ ২২:১৮ (রবিবার)
ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শনিবার (১০ অক্টোবর) বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য পরিচালনগত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এসব ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি পর্যালোচনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন কিংবা সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে অসুবিধা সৃষ্টি হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

এদিকে, তাৎক্ষণিক সহায়তার জন্য সংশ্লিষ্ট যাত্রীদের বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী তথ্য পাওয়া মাত্রই বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।