প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬ ২২:৫৮ (রবিবার)
সিলেটে বাসের ধাক্কায় প্রাণ গেল মা ও ৯ মাসের শিশুর

ছবি: সংগৃহীত

সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও তাঁর ৯ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার কাকুয়ারপাড় এলাকার কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম সুমাইয়া সিদ্দিকা তানিয়া। তাঁর ৯ মাস বয়সী মেয়ের নাম ইনায়া জান্নাত। তাঁদের বাড়ি সিলেট নগরের শাহপরান এলাকায় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকুয়ারপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় সাদাপাথর পরিবহনের একটি বাস। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং মা-মেয়ে গুরুতর আহত হন। পরে তাঁদের মৃত্যুর খবর পাওয়া যায়।

সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। তাঁদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।