সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে শিশুমৃত্যুর ঘটনা থামছে না। গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০ শিশু।
রবিবার (১১ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
মৃত শিশুদের মধ্যে রয়েছে কোম্পানীগঞ্জ থানা এলাকার বিলাল আহমদের ছেলে আরাব (৬ মাস), সুনামগঞ্জের দিরাই থানা এলাকার সাইদুল আলমের মেয়ে ইবা আক্তার (১ বছর ২ মাস) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকার জান্নাত মিয়ার ছেলে রাইয়ান (৬ মাস)।
এ নিয়ে টানা পাঁচ দিন সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে শিশুমৃত্যুর ঘটনা ঘটল।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছর হাম ও হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। এ জেলায় মারা গেছে ৭৮ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ২৮ ও মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছর বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে। এর মধ্যে সিলেটে ৪২২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ ও মৌলভীবাজারে ১৫৮ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে আরও ১৩০ জন ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫২, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে মোট ৫৩৫ জন চিকিৎসাধীন রয়েছে।