সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার (১০ অক্টোবর) একই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার খবরের পরদিন রবিবার (১১ অক্টোবর) আবারও হামলার ঘটনা ঘটল।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বরাতে জানা গেছে, একটি নিক্ষিপ্ত অস্ত্র রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। তবে অস্ত্রটি ক্ষেপণাস্ত্র, নাকি ড্রোন, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া বিমানবন্দরের কাছে আরেকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে বলে জানিয়েছে ওই জোট।
এর আগে শনিবার বিকেলে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং চারজন গুরুতর আহত হন বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
নিহত দুই বাংলাদেশি হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি।
এ হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশিকে হারানোর কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রবিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করব যে এই বিপর্যয় বন্ধ হবে, এই আক্রমণ বন্ধ হবে। এ ধরনের মৃত্যু আসলে মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।’