প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬ ০০:৪৪ (সোমবার)
টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে ২০, ২১ ও ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি।

তবে পূজার ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (১১ অক্টোবর) রাতে এ-সংক্রান্ত সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আব্দুল মান্নানের সই করা সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। এ জন্য ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কার্যক্রম পরিচালনা করা যাবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।