প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬ ১৮:২০ (মঙ্গলবার)
সিলেটে হৃদয় হরিজন হত্যা: ১২ ঘণ্টা পরও গ্রেপ্তার নেই

ছবি: সংগৃহীত

 সিলেট নগরে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত আটটার দিকে নগরের সুইপার কলোনির কাস্টঘর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত হৃদয় হরিজন সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

নিহতের স্বজনদের অভিযোগ, তাঁর স্ত্রী পিংকী রানীর ছবি তোলার প্রতিবাদ করায় আমিন নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা হৃদয়কে ছুরিকাঘাতে হত্যা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঘটনার সময় কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক ব্যক্তি। বিষয়টি দেখে হৃদয় প্রতিবাদ জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন মুঠোফোনে আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে তাঁরা হৃদয়কে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করে বলেন, আমিনসহ কয়েকজন মিলে তাঁর ভাইকে হত্যা করেছেন। ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যাকাণ্ডে অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।