প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬ ১১:১৮ (বুধবার)
ঈদগাহ মাঠে ‘গোপন’ বৈঠক থেকে আ/টক ছাত্রলীগ নেতা

গাইবান্ধার পলাশবাড়ীতে ‘গোপন’ বৈঠক চলাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় বৈঠকে থাকা অন্যরা পালিয়ে যান।

সোমবার (১২ অক্টোবর) রাতে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করেন।

আটক নেতার নাম শেখ শহীদ হাসান। তিনি পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় বাসিন্দা ও থানা সূত্রে জানা যায়, পলাশবাড়ী জাতীয় ঈদগাহ মাঠে ছাত্রলীগের নেতারা গোপন বৈঠকে মিলিত হন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা চারদিক থেকে তাঁদের ঘিরে ফেলেন। এ সময় শহীদ হাসানকে আটক করা সম্ভব হলেও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ও ছোট সাজ্জাদ পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা আটক শহীদ হাসানকে পুলিশের কাছে সোপর্দ করেন।

পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম খান বলেন, স্থানীয় বাসিন্দারা ছাত্রলীগ নেতা শহীদকে আটক করে থানায় সোপর্দ করেছেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।