ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে সোমবার থেকে। সারাদেশের ন্যায় সিলেটে এ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন সরকারি পরিচয়পত্রধারী তথ্যসংগ্রাহকেরা। এদিকে প্রতারণা এড়াতে সাধারণ মানুষকে সচেতন করতে দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার।
সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সংগৃহীত তথ্যের ভিত্তিতে সহায়তা পাওয়ার ক্ষেত্রে পরিবারগুলোর অগ্রাধিকার নির্ধারণ করা হবে।
কর্মসূচির নামে প্রতারণা এড়াতে কোনো অর্থ লেনদেন না করার বিষয়ে সতর্ক করা হচ্ছে। ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য কেউ টাকা দাবি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া তথ্য সংগ্রহের সময় প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এ কাজে সারাদেশে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী ও ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন। আগামী ডিসেম্বরের মধ্যে আনুমানিক ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে ডেটাবেইসে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি পাঁচজন সদস্যকে একটি পরিবার ধরে এ হিসাব করা হয়েছে বলে জানিছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।