প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬ ১৫:২৫ (বুধবার)
বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ জন্য কর্মী পাঠানোর প্রতিটি ধাপ অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রম কল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ভিসা প্রতারণার বিষয়ে মন্ত্রী বলেন, ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে এবং কয়েকটি সিলগালা করা হয়েছে। নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি এ বিষয়ে গণমাধ্যমে সচেতনতা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রিক্রুটিং এজেন্সির পাশাপাশি অনেক ট্রাভেল এজেন্সিও এখন কর্মী বিদেশে পাঠাচ্ছে। অথচ কর্মী পাঠানো ট্রাভেল এজেন্সির কাজ নয়। পুরো প্রক্রিয়াকে অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এর দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে।

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর সেখানকার প্রবাসীদের বিষয়ে সরকার নিয়মিত খোঁজখবর রাখছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, প্রবাসীদের সতর্ক থাকার এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি রোগীদের স্বজনদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে।

এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।