বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকটকে পুঁজি করে এলপিজি নিয়ে ধর্মঘট ডেকে মূল্য বাড়ানোর চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ হুঁশিয়ারি দেন। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সমিতির ডাকা ধর্মঘটের পরিপ্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও একই ধরনের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এলপিজি ব্যক্তিখাতকেন্দ্রিক একটি ব্যবসায়িক পণ্য। সরবরাহ বাড়িয়ে বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এলপিজির বাজার পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে সংকট তৈরি করলে সরকার তা বরদাশত করবে না।
এ সময় যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের জন্য এলপিজি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান দুই মন্ত্রী।