প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬ ২০:৩০ (বৃহস্পতিবার)
নতুন কুঁড়ি স্পোর্টসে যুক্ত হচ্ছে টেবিল টেনিস ও ভলিবল: আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

দেশের ৫০৩টি উপজেলায় একযোগে আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর। খুলনা জেলা স্টেডিয়াম থেকে এ আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ তথ্য জানিয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ৫০৩টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ক্রীড়া কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। দ্বিতীয় আসর আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসর সফলভাবে শেষ হয়েছে উল্লেখ করে আমিনুল হক বলেন, গতানুগতিক অনেক ক্রীড়া প্রতিযোগিতায় টুর্নামেন্ট শেষ হওয়ার পর প্রতিভাবান খেলোয়াড়দের আর খুঁজে পাওয়া যায় না। এ বাস্তবতা বদলাতে নতুন কুঁড়ির ক্ষেত্রে ভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রথম আসরে উঠে আসা ৩১০ জন ক্রীড়াবিদকে নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ৪০ দিনের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এ প্রশিক্ষণ থেকে বিশেষ প্রতিভাবানদের বাছাই করে বিকেএসপিতে ভর্তির সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে খেলাধুলার পাশাপাশি তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগও তৈরি হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকার বাইরের বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

দ্বিতীয় আসরকে আরও বিস্তৃত করা হয়েছে জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এবার ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হচ্ছে। ইতোমধ্যে অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ৩ হাজারের বেশি প্রতিযোগী।

নিবন্ধিতদের মধ্যে প্রায় ৯ লাখ কিশোর এবং ৬ লাখের বেশি কিশোরী রয়েছে বলে জানান তিনি। তাঁর মতে, এ আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি পরিবারগুলোকে মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করবে।

আমিনুল হক বলেন, মেয়েদের অংশগ্রহণ বাড়লে তাদের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

প্রথম আসরের সঙ্গে এবার যুক্ত হচ্ছে টেবিল টেনিস ও ভলিবল। ফলে দ্বিতীয় আসরে মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ইভেন্টগুলো হলো- অ্যাথলেটিকস, সাঁতার, ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট, দাবা, ব্যাডমিন্টন, কাবাডি, টেবিল টেনিস ও ভলিবল।

রমজান, ঈদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার সময় বিবেচনায় রেখে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রতিযোগিতার সূচি সাজানো হয়েছে। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী বছরের এপ্রিলের শেষ দিকে অথবা মে মাসের শুরুতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজন করতে চায় বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, তাদের নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনা এবং দীর্ঘমেয়াদে দেশের ক্রীড়াঙ্গনের জন্য দক্ষ খেলোয়াড় গড়ে তোলাই সরকারের লক্ষ্য।