প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬ ২১:২৮ (বৃহস্পতিবার)
সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান

ছবি: সংগৃহীত

সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে পেমেন্ট সার্ভারে তথ্য কারসাজি, গ্রাহকদের বিলের অর্থ আত্মসাৎ এবং প্রশিক্ষণ কার্যক্রমের বরাদ্দে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে জালালাবাদ গ্যাসের পেমেন্ট সার্ভারে তথ্য কারসাজির মাধ্যমে গ্রাহকদের পরিশোধিত বিল অপরিশোধিত দেখিয়ে অর্থ আদায় ও আত্মসাতের অভিযোগ ওঠে। এ ছাড়া কেন্দ্রটির প্রশিক্ষণ কার্যক্রমের হলরুম ভাড়া এবং গ্যাস সিলিন্ডার বাবদ বরাদ্দ করা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখছে দুদক।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক সুবেল আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রের গ্রাহক সংকেত (মিটার) নম্বর ২৪০৯০০৩৯৫-সংক্রান্ত নথিপত্র তলব করা হয়। পাশাপাশি এসিআই লিমিটেডের কাছে যুব প্রশিক্ষণ কেন্দ্রের ভেন্যু ভাড়া দেওয়া-সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্রও চাওয়া হয়।

দুদকের উপপরিচালক সুবেল আহমেদ জানান, প্রাথমিক তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহের পর সেগুলো যাচাই-বাছাই করে শিগগিরই বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।