ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে বালু উত্তোলনের অনুমতি দিয়ে ভূমি মন্ত্রণালয়ের দেওয়া আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। সাবেক ইজারাদার রতন মিয়ার করা রিটের শুনানি শেষে গত ৭ অক্টোবর আদালত এ আদেশ দেন। স্থগিতাদেশ বাস্তবায়নের অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সচিব ও সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন রিটকারী।
গত ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে নির্দিষ্ট সময়ের জন্য বালু উত্তোলনের অনুমতি দিয়েছিল। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২ অক্টোবর হাইকোর্টে রিট করেন যাদুকাটা-১ বালুমহালের সাবেক ইজারাদার রতন মিয়া।
হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটের শুনানি নিয়ে বিবাদীদের প্রতি রুল জারি করেন এবং ভূমি মন্ত্রণালয়ের ওই আদেশ স্থগিত করেন।
রতন মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ননাই গ্রামের বাসিন্দা এবং মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের মালিক। তিনি বলেন, বৈধভাবে দরপত্রে অংশ নিয়ে তিনি বালুমহাল ইজারা নিয়েছিলেন। কিন্তু আগের মতো দরপত্র আহ্বান না করে ভূমি মন্ত্রণালয় থেকে অন্য একজনকে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে আদালত স্থগিতাদেশ দেন। বৃহস্পতিবার লিখিত আবেদনের মাধ্যমে বিষয়টি ভূমি মন্ত্রণালয়ের সচিব ও জেলা প্রশাসককে জানিয়েছেন তিনি।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল বলেন, বালুমহাল-সংক্রান্ত আগের একটি আদেশ স্থগিত হয়েছে। এ বিষয়ে পরবর্তী করণীয় জানতে ভূমি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে উচ্চ আদালতের অন্য কোনো আদেশ পাওয়া যায়নি। আদালতের আদেশ পাওয়া গেলে তা বাস্তবায়ন করা হবে।
গত ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের সায়রাত-২ শাখার সিনিয়র সচিব ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে যাদুকাটা বালুমহালের সাবেক ইজারাদার মেসার্স তাহিয়া স্টোন ক্রাশারের মালিক মো. নাছির মিয়াকে বালু উত্তোলনের সুযোগ দিতে সুনামগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে মেসার্স তাহিয়া স্টোন ক্রাশারকে বিগত তিন বছরের গড় বাজারমূল্যের ওপর অতিরিক্ত ১২ শতাংশ কর ধার্য করে ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ১৪ এপ্রিল পর্যন্ত যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হলো। সময়সীমাটি বাংলা সনের ৩০ চৈত্র পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
মো. নাছির মিয়া তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ভূমি মন্ত্রণালয়ের ওই অনুমতির বিরুদ্ধে রতন মিয়ার করা রিটের পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট স্থগিতাদেশ দেন। এখন এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে আদালতের আদেশ বাস্তবায়ন এবং ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনার ওপর।