প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬ ০১:৪২ (শুক্রবার)
মাদক উদ্ধার অভিযানে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

ছবিঃ সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন পুলিশের দুই সদস্য।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের আশা বাড়ি এলাকার সীমান্তসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

আটক দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল রোহিত দেওয়ান ও ডিউটি পার্টির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন।

বৃহস্পতিবার রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার একটি ডিউটি পার্টি সিএনজিচালিত অটোরিকশায় করে রাতের দায়িত্ব পালন করছিল। এ সময় তারা শশীদল ইউনিয়নের আশা বাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধারের অভিযানে যাচ্ছিলেন। পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন ডিউটি পার্টির সদস্য কনস্টেবল রোহিত দেওয়ান তাঁর পিছু ধাওয়া করেন। একপর্যায়ে সীমান্ত এলাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকেরা তাঁকে আটক করেন। পরে কনস্টেবল রোহিত দেওয়ানকে ছাড়িয়ে আনতে গেলে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়। এরপর সেখানে বিএসএফ সদস্যদের ডাকা হলে তাঁরা দুই পুলিশ সদস্যকে নিজেদের হেফাজতে নেন।

আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন বলেন, মাদক কারবারিকে ধরতে গিয়ে এ ঘটনা ঘটেছে। বিএসএফের সঙ্গে কথা হয়েছে। দুই পুলিশ সদস্যকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।