প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬ ১৪:১১ (শুক্রবার)
‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও উৎসব উদযাপনে সরকার এবং বিএনপি পাশে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। একই সঙ্গে ১১ দলীয় জোটের সমালোচনা করে তিনি বলেছেন, ‘বেহেশতের লোভ দেখিয়ে’ মানুষের ভোট নিয়ে এখন বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে। ভঙ্গুর অর্থনীতির মধ্যে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মাথায় বিরোধী দলের একদফা দাবির সমালোচনাও করেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নিজস্ব তহবিল থেকে অনুদানের অর্থ তুলে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের অত্যন্ত আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ করে না। সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে বিএনপি।

তিনি বলেন, গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি তাঁদের ভালোবাসার প্রমাণ দিয়েছেন। বিএনপিও প্রমাণ করেছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের আপনজন।

প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা যেন সারা দেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। তাঁদের সামাজিক নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, একসময় একটি রাজনৈতিক দল মনে করত, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের রাজনৈতিক সম্পদ। কিন্তু গত নির্বাচনে ভোটের মাধ্যমে তাঁরা প্রমাণ করেছেন, কোনো দলের প্রতি তাঁদের অন্ধ আনুগত্য নেই। তাঁরা স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রাখেন। বিএনপি তাঁদের আত্মার আত্মীয় হিসেবে পাশে থাকতে চায়।

দুর্গাপূজা উপলক্ষে সরকারি উদ্যোগের কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, এবার পূজার ছুটি এক দিন বাড়ানো হয়েছে। সরকারিভাবে প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চালের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু নারীদের জন্য শাড়ির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে মন্দির পরিদর্শন করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করবেন। তাঁর মতে, এটি সব ধর্মের মানুষের প্রতি সরকারের সমান দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

বিরোধী দলের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ১১ দলীয় জোট ‘বেহেশতের লোভ দেখিয়ে’ মানুষের ভোট নিয়ে এখন বিরোধী দলের আসনে বসে দায়িত্বহীন আচরণ করছে। ভঙ্গুর অর্থনীতির মধ্যে বিএনপি জনগণের সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস, এরই মধ্যে বিরোধী দলের একদফা দাবির কথা বলা হাস্যকর।

দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচনে বিশ্বাস করে না। দলটি দেশের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে এবং এরপর জনগণের কাছে ভোট চাইবে। জনগণ ভোট দিলে বিএনপি সরকার গঠন করবে, আর ভোট না দিলে বিরোধী দলে বসবে। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায় বিএনপি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব ও উপসচিব বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক এবং সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল।