সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এসএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মহানগর অধ্যাদেশ অনুযায়ী আটক ব্যক্তিরা রয়েছেন।
অভিযানে ৪৪ পিস ইয়াবা, ১১টি ভারতীয় কম্বল, ৩০০ কেজি ভারতীয় জিরা, ১০ হাজার ৮০ প্যাকেট হাইড অ্যান্ড সিক ব্ল্যাক বোরবন বিস্কুট, ২ হাজার ৬৪০ পিস জুস এবং ৩২০ প্যাকেট ফুচকা উদ্ধার করা হয়েছে।
এদিকে, ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৫৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭৯টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি। নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।